বিজয় দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
নব নিযুক্ত ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে বিজয় দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে স্মারক ডাকটিকেটের সঙ্গে উদ্বোধনী খাম ও সীলমোহর অবমুক্ত করেন সরকার প্রধান।
এসময় ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছাড়াও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে একটি বই ও উত্তরীয় উপহার দেন প্রতিমন্ত্রী।
ডাকটিকিট, খাম এবং ডেটা কার্ড ঢাকা জিপিও'র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে এবং পরবর্তী সময়ে সারা দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলোতেও পাওয়া যাবে। উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে একটি বিশেষ সিলমোহরেরও ব্যবস্থা রয়েছে।
এর আগে সকালের দিকে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থাকা জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে নিজে এবং পরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী।
তার আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় সভাপতি হিসেবে আবার শ্রদ্ধা জানান তিনি।







